শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি পৌঁছালেন জেদ্দায়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাত্রা করা এই হজযাত্রীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম ফ্লাইট নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে।
জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম উপস্থিত থেকে আগত হাজিদের স্বাগত জানান। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রত্যেকের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়, যাতে যাত্রার ক্লান্তি কিছুটা লাঘব হয়।
বিজ্ঞাপন
এ সময় অন্যদের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন








