Logo

‘ফুয়েল পাস’ নিয়ে বড় সুখবর দিলো জ্বালানি মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১১:২৭
‘ফুয়েল পাস’ নিয়ে বড় সুখবর দিলো জ্বালানি মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট কার্যক্রম বড় পরিসরে সম্প্রসারণ করেছে সরকার।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও আধুনিক করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বর্তমানে যেসব জেলার মোটরসাইকেলগুলো এই নিবন্ধনের আওতায় এসেছে তার মধ্যে রয়েছে ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ। এই জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে সরকারিভাবে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের সুবিধা পাবে।

বিজ্ঞাপন

একই সঙ্গে রাজধানী ঢাকায় কার্যক্রমটি আরও বেগবান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে এই পাইলটিং কার্যক্রমের বিস্তার ঘটানো হচ্ছে। আগে শুধুমাত্র সীমিত পরিসরে এই কার্যক্রম চালু থাকলেও এখন তা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করা হলো।

জ্বালানি বিভাগ মনে করছে, এই অ্যাপ চালুর ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকরা নির্ধারিত নিয়মে জ্বালানি পেতে সক্ষম হবেন। এই প্রযুক্তিভিত্তিক ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে তদারকি জোরদার করা এবং ভোক্তাদের ভোগান্তি কমানো।

জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক এই প্রযুক্তি চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি নিবন্ধিত মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট তথ্য সংরক্ষণ ও যাচাই সহজ হবে, যা পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলবে।

বিজ্ঞাপন

এর আগে গত ৯ এপ্রিল এই পাইলট প্রকল্পের সূচনা করা হয়েছিল। শুরুতে সীমিত আকারে শুধুমাত্র মোটরসাইকেল মালিকদের জন্য এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এই কার্যক্রম ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ব্যবহারকারীদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

পর্যায়ক্রমে এই ‘ফুয়েল পাস’ অ্যাপটি দেশের সব ধরনের যানবাহনের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়। এতে করে সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD