Logo

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৯
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার
ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে হজযাত্রীদের ব্যয় আরও কমানোর লক্ষ্যে কাজ করবে সরকার—এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। সেজন্য আমরা এসে খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা পবিত্র দায়িত্ব পালনের জন্য আল্লাহর ঘরে যাচ্ছেন। তিনি সবার কাছে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে হজযাত্রীরা যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন—সেই কামনাও ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD