Logo

পাম্পে তেল নেওয়ায় অগ্রাধিকার চায় পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৬, ১৮:২১
পাম্পে তেল নেওয়ায় অগ্রাধিকার চায় পুলিশ
ছবি: সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালনে ভোগান্তির মুখে পড়ছেন পুলিশ সদস্যরা। এ পরিস্থিতিতে জ্বালানি পাম্পে পৃথক লাইন চালু করে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

চিঠিতে উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ২৪ ঘণ্টা কাজ করে পুলিশ। এসব দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রায়ই ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি ও রিকুইজিশনকৃত যানবাহনে দ্রুত বিভিন্ন স্থানে যেতে হয়।

বিজ্ঞাপন

কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পুলিশ সদস্যদের। এতে তাদের মূল্যবান কর্মঘণ্টার বড় অংশ নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সংগঠনটির দাবি, এই পরিস্থিতির কারণে আসামি গ্রেপ্তার অভিযান, টহল, তদন্ত কিংবা দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনেও লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি, জনঅসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়তে হচ্ছে সদস্যদের।

চিঠিতে আরও বলা হয়, জনস্বার্থে এবং পুলিশি জরুরি দায়িত্ব নির্বিঘ্নে পালনের স্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সরকারি পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথ চালুর ব্যবস্থা করা প্রয়োজন।

বিজ্ঞাপন

এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে পুলিশ সদস্যরা দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনসাধারণও উন্নত সেবা পাবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD