এক সপ্তাহের মধ্যেই হাম নিয়ন্ত্রণে চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রকোপ ইতোমধ্যে কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করা হলে পরিস্থিতি আরও উন্নত হবে এবং এক সপ্তাহের মধ্যেই হাম নিয়ন্ত্রণে চলে আসবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কোনো টিকার সংকট নেই। সব ধরনের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং বর্তমান মজুত দিয়ে অন্তত জুন মাস পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব। তবে আগামী মাসে ০.০৫ ডোজের সিরিঞ্জে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে তিনি বলেন, সিরিঞ্জের ঘাটতি পূরণে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী দেড় মাসের মধ্যে এই সংকট কাটিয়ে ওঠা যাবে। ইউনিসেফের সহায়তায় আগামী সাত দিনের মধ্যে আংশিক সরবরাহ পাওয়া যাবে, আর বাকি অংশ মে মাসের মধ্যে পৌঁছাবে।
হামের রোগী ঢাকামুখী হওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ চাপ কমাতে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালে চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। পাশাপাশি জনবল সংকট চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ইতোমধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে তা আরও বৃহৎ পরিসরে পরিচালিত হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এক মাসে হাম উপসর্গে ২০৬ শিশুর মৃত্যু
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








