বাংলাদেশের তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দিবে এডিবি

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন করে তিনটি প্রকল্পে প্রায় ৩ হাজার ৬২৯ কোটি টাকা (২৯ কোটি ৯৬ লাখ ডলার) সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে রয়েছে ঋণ ও অনুদান উভয়ই।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।
জানা গেছে, খুলনা শহরে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের জন্য এডিবি দিচ্ছে ১৫ কোটি ডলার ঋণ এবং অতিরিক্ত ৪ মিলিয়ন ডলার অনুদান। প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির লবণাক্ততা মোকাবিলা করে টেকসই পাইপলাইনের মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোতে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
এডিবি জানিয়েছে, এ উদ্যোগ ১৭ দশমিক ৮ মিলিয়ন মানুষকে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পানি সরবরাহ করবে এবং খুলনা পানি সরবরাহ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ২০৫০ সাল পর্যন্ত পানির চাহিদা মেটাতে সহায়তা করবে।
এছাড়া, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি ও টেকসই করতে ৯ দশমিক ১ কোটি ডলার ঋণ দেবে এডিবি। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ডিজিটাল রূপান্তর ঘটানো হবে। এতে দুর্যোগ প্রস্তুতিতে সৌর ব্যাকআপ ব্যবস্থা সংযোজন, জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এবং প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও নদীতীরবর্তী মানুষের জীবিকায় সহায়তা করা হবে।
একইসঙ্গে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান দিচ্ছে এডিবি। এই অর্থ ক্যাম্পের বাসিন্দা ও স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক সংহতি, স্থিতিশীলতা এবং জীবিকা উন্নয়নে ব্যয় করা হবে।
বিজ্ঞাপন
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশে জলবায়ু সহনশীল অবকাঠামো, টেকসই উন্নয়ন এবং দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।








