Logo

খাগড়াছড়ি আন্দোলনের নামে ভুয়া ভিডিও প্রচার

profile picture
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৬
খাগড়াছড়ি আন্দোলনের নামে ভুয়া ভিডিও প্রচার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ধর্ষণ অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর পর ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলায় সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে স্থানীয় প্রশাসন।

এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো শুরু হয়। একটি ভিডিও “বাংলাদেশি পাহাড়ি ব্যক্তির” দাবিতে প্রচার করা হয়, যেখানে ক্যাপশনে লেখা ছিল- ‘দেখেন পাহাড়ি উপজাতিরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভ্রান্ত ছড়াচ্ছে।…’। তবে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য।

বিজ্ঞাপন

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি মূলত একটি বিদেশি স্ক্রিপ্টেড ভিডিও, যা ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তৈরি। আলোচিত ভিডিওটি ‘Kalseng Sangma Page’ নামের ফেসবুক প্রোফাইলে প্রকাশিত হয়েছিল গত ১৮ জুলাই। প্রোফাইলটির পরিচিতি অংশে এটি একটি Actor profile হিসেবে উল্লেখ করা আছে, যা ভারত থেকে পরিচালিত হয়। এছাড়া প্রোফাইল জুড়ে অসংখ্য রিলস ও বিনোদনমূলক ভিডিও পাওয়া গেছে।

শুধু ফেসবুকেই নয়, একই ধরনের ভিডিও ওই ব্যক্তির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও পাওয়া গেছে। অ্যাকাউন্টের About this account অংশে পরিষ্কারভাবে বলা আছে, এটি ভারত থেকে পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অতএব, খাগড়াছড়ির বিক্ষোভ ইস্যুকে ঘিরে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর নয়; বরং ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তৈরি একটি স্ক্রিপ্টেড ভিডিও, যা ভুয়া তথ্য ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD