খাগড়াছড়িতে সেনাসদস্য নির্যাতনের দাবিতে প্রচারিত ভিডিও পুরোনো

খাগড়াছড়িতে চলমান অস্থিরতার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত এক সেনাসদস্যের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, ওই সেনাসদস্যকে স্থানীয় উপজাতিরা ধরে নিয়ে টানা দুই ঘণ্টা নির্যাতনের পর ছেড়ে দিয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, দাবিটি সম্পূর্ণ ভ্রান্ত এবং ভিডিওটি পুরোনো।
বিজ্ঞাপন
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান বলছে, আলোচিত ভিডিওটি চলতি মাসের নয়। এটি গত ২২ জুলাইয়ের ঘটনা, যা ঘটেছিল ঢাকার সচিবালয় এলাকায়। রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির উৎস পাওয়া যায় ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে। ওই চ্যানেলে ২২ জুলাই ভিডিওটি আপলোড করা হয়েছিল। বর্তমানে প্রচারিত ভিডিওটির সঙ্গে আর্কাইভ ভিডিওটির হুবহু মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশনে উল্লেখ ছিল, ওই সেনাসদস্য শিক্ষার্থীদের আক্রমণে গুরুতর আহত হন। প্রসঙ্গত, গত জুলাই মাসে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হন। এরপর গভীর রাতে সরকার ওইদিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সচিবালয়ে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এবং সেখানেই সেনাসদস্য আহত হন।
বিজ্ঞাপন
ফলে এটি স্পষ্ট যে, খাগড়াছড়িতে সেনাসদস্যকে সম্প্রতি ধরে নিয়ে নির্যাতনের যে দাবি করে ভিডিও প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর ও মিথ্যা। ফ্যাক্টওয়াচ এমন বিভ্রান্তিমূলক পোস্টগুলোকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে।







