থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই চলছে অবরোধ

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে অবরোধ অব্যাহত রেখেছে জুম্ম-ছাত্র জনতা নামে একটি সংগঠন।
বিজ্ঞাপন
রবিবার ভোর থেকে শুরু হওয়া এ অবরোধে জেলার ভেতরে ও বাইরে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কও। এদিকে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা কার্যকর রয়েছে পুরো জেলায়।
অবরোধকারীরা সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং চালায়। টানা তৃতীয় দিনে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাজার ও দোকানপাটও বন্ধ রয়েছে। জরুরি কাজে বাইরে বের হওয়া লোকজনকে নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে।
বিজ্ঞাপন
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এখনো অবরোধকারীরা কোনো এলাকায় অবস্থান নেননি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাতেই অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করে স্বজনেরা। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ, যাকে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর প্রতিবাদেই গত শনিবার ভোরে শুরু হয় অবরোধ কর্মসূচি, যা এখনো চলছে।








