গুইমারায় সেনা সদস্যদের ওপর হামলা, সাংবাদিকসহ আহত ২০

খাগড়াছড়ি পার্বত্য জেলায় গুইমারা উপজেলায় সড়ক অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে। এসময় সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হলে এক সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি খাগড়াছড়ি জেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অস্থিরতা এড়াতে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে গুইমারা উপজেলা প্রশাসন অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভকারীরা গুইমারা খাদ্য গুদামের সামনে জড়ো হয়। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে উত্তেজনা ছড়িয়ে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় সেনা সদস্যরা হামলার শিকার হন। গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানীসহ অন্তত ১১ সেনাসদস্য আহত হন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ঘটনার কভারেজ করতে গিয়ে বিজয় টিভির জেলা প্রতিনিধি এম সাইফুর রহমানকেও বিক্ষোভকারীরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, বাজার-ঘাটসহ বিভিন্ন স্থানে জনমনে ভীতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বর্তমানে গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে নতুন করে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।








