সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
স্থানীয় সময় রবিবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এবার বিশেষভাবে নারী ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করা হবে এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করতে বিস্তৃত প্রচারণা চালানো হবে।
ড. ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু শক্তি রয়েছে যারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক। বিপুল পরিমাণ অর্থ এ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যার সঙ্গে দেশের ভেতর ও বাইরে উভয় পক্ষই জড়িত। তাদের সংগঠিত প্রচেষ্টা সবচেয়ে বেশি উদ্বেগজনক। আমাদের জন্য সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বাংলাদেশে আরও ঘন ঘন সফরের আহ্বান জানান। তার মতে, আন্তর্জাতিক মহলের উপস্থিতি ভুলে যাওয়া বিষয়গুলো নতুনভাবে আলোচনায় নিয়ে আসে এবং শেষ পর্যন্ত তারা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।
বিজ্ঞাপন
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার কার্যক্রম এবং মানবাধিকার রক্ষায় নেওয়া উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, চুরি হওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়া জটিল হলেও মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে সোচ্চার হলে ব্যাংকগুলো আর এমন অর্থ গোপন করতে পারবে না। এটি প্রকৃতপক্ষে জনগণের অর্থ।








