Logo

নিউইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ইউনূস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১১:৫৮
নিউইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ইউনূস
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। বাংলাদেশ সময় অনুযায়ী তা বুধবার সকাল ৯টা ১০ মিনিট।

বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

গত ২২ সেপ্টেম্বর রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করে নিউইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। ইউএনজিএ অধিবেশনে যোগদানের সময় তার সঙ্গে ছিলেন দেশের কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা।

সফরকালে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং যুক্তরাষ্ট্রের ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এক সাইড ইভেন্টসহ মূল অধিবেশনেও তিনি বক্তব্য দেন। সফরের অংশ হিসেবে বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সংস্থার সাবেক প্রধানদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংস্কারকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নিয়মিত বাংলাদেশ সফরের আহ্বান জানান।

সফরের শেষ দিনে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকেও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD