Logo

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ জানালেন ধর্ম উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২ অক্টোবর, ২০২৫, ০২:০১
ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ জানালেন ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সম্প্রতি পাশ্ববর্তী ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক’ সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে। তাই একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে অসুর অর্থাৎ ‘শয়তান’ বানিয়ে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। যারা এই কাজ করেছেন তারা ভালো করেননি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ নষ্ট হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে আছেন। তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছে খোঁজ নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যা করার করবেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বৃহৎ এই উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা পূর্বের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মাদ্রাসা শিক্ষার্থী অনেকেই প্রশাসন, ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া, জেলা জামায়াতে ইসলামের আমির মোবারক হোসেন আকন্দ প্রমুখ।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD