হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস বাংলাদেশের: উপদেষ্টা মাহফুজ

সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বাংলাদেশের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস বলে জানান তিনি।
বিজ্ঞাপন
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে উপদেষ্টা এ কথা বলেন এই উপদেষ্টা।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে মাহফুজ আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ। বাংলাদেশের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ঐতিহ্যের বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গতবারের তুলনায় এবারের দুর্গাপূজা বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়তা করার জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনা সরকারের নৃশংস ভূমিকার সমালোচনা করে উপদেষ্টা বলেন, ওই সময় সরকার প্রধানের নির্দেশ অনুযায়ী হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা শহিদ হয়েছেন, উপদেষ্টা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণে সব সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
জগন্নাথ হলের শারদীয় দুর্গোৎসবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাসনিম সিদ্দিকীসহ দুর্গোৎসব উদযাপন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
এরপর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।








