Logo

আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৬:১০
আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো ‘সেইফ এক্সিট’ নয়, বরং নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে ‘স্বাভাবিক এক্সিট’ চান।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. খালিদ হোসেন বলেন, “আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিকভাবে বিদায় নিতে চাই। আমি ঘরেই থাকব, বিদেশে পালিয়ে যাবো না। কারণ, আমার তো দ্বিতীয় কোনও ঘর নেই।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

এ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব নিয়মিত তথ্য দিচ্ছেন। যদি কোনো শঙ্কা থাকে, তা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে মনিটর করছে। তবে নির্বাচনের প্রস্তুতি শতভাগ।”

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটি সেক্যুলার রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র নয়। “আমার সংবিধানও সেক্যুলার। তাই রাষ্ট্রীয় দায়িত্ব অনুযায়ী সব ধর্মীয় স্থানে যাওয়া আমার দায়িত্ব। আমি কোনো একক ধর্মের উপদেষ্টা নই।”

সম্প্রীতি সমাবেশে ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব ছাদেক আহমদ, রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD