Logo

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে অংশ নিলেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৯
বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে অংশ নিলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিয়ে তিনি বিজয়ের গৌরবময় স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজন করা হয় মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী। এ সময় দর্শকদের জন্য উপস্থাপন করা হয় দৃষ্টিনন্দন কৌশল প্রদর্শন, যা বিজয়ের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশন অনুষ্ঠিত হয়। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্য পরিবেশন করে। পাশাপাশি রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলার সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকায় সীমিত পরিসরে ব্যান্ড পরিবেশন করা হয়। বিমান বাহিনীর উদ্যোগে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট এলাকা, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায় সীমিত আকারে ফ্লাই পাস্ট পরিচালিত হয়।

বিজয়ের ৫৪তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী প্যারাজাম্প আয়োজন করা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন, মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এত সংখ্যক প্যারাট্রুপারের পতাকাসহ ফ্রি ফল জাম্প এ পর্যন্ত সর্বোচ্চ বলে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগটি সফলভাবে স্বীকৃতি পেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নামে নতুন একটি রেকর্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের জন্য হবে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্য।

এই আয়োজন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতিও আরও দৃঢ় হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা, সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এদিকে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) এবং বরিশালসহ বিআইডব্লিউটিসির বিভিন্ন ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘরগুলোও বিনা টিকিটে সর্বসাধারণের দর্শনের জন্য খোলা রাখা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD