প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির বিনম্র শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দিনের প্রথম প্রহরেই তিনি স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৬টা ৩৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে রাষ্ট্রপতি বীর শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিজ্ঞাপন
এই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। একই সঙ্গে বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা, বাংলাদেশে কর্মরত কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








