মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

সমাজসেবায় অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন স্বামী মনসুর হেলাল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব পদক তুলে দেন তারেক রহমান।
২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান ভবনে বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যান শিক্ষিকা মাহেরীন চৌধুরী। এতে তিনি দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
পরবর্তীতে ওই রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার এই শিক্ষিকার আত্মত্যাগকে সমাজসেবা ক্ষেত্রে অনন্য অবদান হিসেবে বিবেচনা করে রাষ্ট্রীয়ভাবে এ সম্মাননা দেওয়া হয়েছে।








