Logo

প্রথম বৈঠকেই জ্বালানির দাম নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা চাইল কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৩
প্রথম বৈঠকেই জ্বালানির দাম নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা চাইল কমিটি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সংকট পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিপিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ও সমন্বয়ের কারণ, মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উপায় এবং দাম নির্ধারণে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কমিটি জানতে চেয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জ্বালানি সংকটের কারণ কী ছিল এবং সংকটকালীন ও পরবর্তী সময়ে জ্বালানি সরবরাহব্যবস্থায় বড় পরিবর্তন না থাকলেও শুধু মূল্য বাড়ানোর পর কীভাবে সংকটের অবসান হলো। এ বিষয়ে বিপিসির কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, মজুত ও সংরক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে বিপিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এসব বিষয়ে পরবর্তী বৈঠকে কমিটিকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে তা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিপিসির কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD