ভোট দিতে ৪ লাখ ৮৪ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে।
বিজ্ঞাপন
গত ১৯ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়ায় ইতোমধ্যে ৪ লাখ ৮৪ হাজারের বেশি প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯ জনে, যা প্রতিনিয়ত বাড়ছে। এই নিবন্ধন কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন
ইসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশরসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তালিকায় রয়েছে জাপান, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, তাইওয়ান, লিবিয়া, ঘানা, চিলি, পেরু, জিম্বাবুয়েসহ বহু দেশ।
নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।








