গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর গুলশানে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ে টানা দীর্ঘ সময় ধরে দাপ্তরিক ও দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্র জানায়, গভীর রাত পর্যন্ত কার্যালয়ে অবস্থান করে দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম তদারকি করেন তিনি।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
সূত্র আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছিলেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে শুরু হওয়া এই প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে।
দলীয় নেতারা জানান, দেশের বিভিন্ন অঞ্চল—ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রার্থীরা ধাপে ধাপে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। গুরুত্বপূর্ণ এই বাছাই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
দলীয় পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে দীর্ঘ সময় ধরে সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে দলীয় নেতৃত্ব একটি সুসংগঠিত ও শক্তিশালী তালিকা তৈরির চেষ্টা করছে।








