তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত দেশের আর্থিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে, কোনো আন্তর্জাতিক সংস্থার চাপ বা শর্তের কারণে নয়।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তেলের দাম বৃদ্ধির পেছনে আইএমএফের কোনো শর্ত ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত আইএমএফের সঙ্গে আলোচনার আগেই নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে এর প্রভাব সমন্বয় করেছে। তবে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন মহল থেকে বারবার প্রশ্ন উঠছিল কেন বাংলাদেশ তেলের দাম বাড়াচ্ছে না। এতে করে সরকারি তহবিলের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। তেলের দাম দীর্ঘদিন অপরিবর্তিত রাখলে সরকারের আর্থিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে।
আইএমএফের সঙ্গে মূল্যবৃদ্ধির সম্পর্ক নেই পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
পাশাপাশি তিনি দাবি করেন, আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশে তেলের দাম তুলনামূলকভাবে কমই বাড়ানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হওয়ার কথাও উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে শুধুমাত্র আর্থিক চাপ মোকাবিলা ও সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সচল রাখার স্বার্থে। এই বৃদ্ধি “খুবই সামান্য” এবং পরিস্থিতির প্রেক্ষাপটে এটি ছিল অনিবার্য সিদ্ধান্ত।








