Logo

অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় ফের বাড়ল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬
অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় ফের বাড়ল
ছবি: সংগৃহীত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হকের সই করা এক আদেশ থেকে এই তথ্য জানা যায়। পরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক দফায় বাড়ানো হয়েছিল, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে করদাতাদের সুবিধা বিবেচনায় আবারও সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজস্ব কর্তৃপক্ষ। আয়কর আইন অনুযায়ী সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে নির্ধারিত থাকে।

বিজ্ঞাপন

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সামনে জাতীয় নির্বাচন থাকায় করদাতাদের বাড়তি সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি এবার প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, ফলে অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছিলেন, বিষয়টি তখনই চূড়ান্তভাবে বলা সম্ভব নয়।

তিনি বলেন, অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত এবং সরকার চাইলে সময় বাড়ানোর উদ্যোগ নিতে পারে।

বিজ্ঞাপন

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট মাস থেকে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়, যা কর ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

রাজস্ব কর্মকর্তারা আশা করছেন, সময় বাড়ানোর ফলে আরও বেশি করদাতা অনলাইনে সহজে ও নির্বিঘ্নে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD