খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জানাজা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মোট ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম নির্বিঘ্ন করতে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং জিয়া উদ্যানকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার জানাজায় দেশের বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামার সম্ভাবনা রয়েছে। এ কারণে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।








