ভোটের আগে ও পরে সিল করে রাখা হবে রোহিঙ্গা ক্যাম্প

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো ভোটের আগে এবং পরে কয়েকদিনের জন্য সিল করে রাখা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল’ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ভোটের সময় রোহিঙ্গাদের কোনো ধরনের মিছিল বা মিটিংয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে তারা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, তার প্রভাব পুরো দেশের জন্য মারাত্মক হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য সারাদেশে যৌথবাহিনীর অভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো— অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন রোধ করা।
বিজ্ঞাপন
ইসি সানাউল্লাহ আরও বলেন, নির্বাচনে কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তার করা যাবে না। কেউ যদি ক্ষুব্ধ হয়, আইনের আশ্রয় নেবে; গায়ের জোরে কিছু হবে না।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








