জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন-সংক্রান্ত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ক এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রগুলোতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে থানা এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারির নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রতিটি থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন একটি ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। নির্বাচন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।








