Logo

সরকারের ক্ষমতা হস্তান্তরের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১২
সরকারের ক্ষমতা হস্তান্তরের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম | ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচন শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুততম উপায়ে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সবকিছু দ্রুত সম্পন্ন হলে তিন দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্ভব। সে হিসেবে ১৫, ১৬ কিংবা সর্বোচ্চ ১৭–১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে।

একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জন প্রসঙ্গে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি স্পষ্ট করে জানান, শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে—নির্বাচন শেষে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে এবং এরপরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়বে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD