নির্বাচনের জন্য ৭ দিন মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জানান, নির্বাচনের শেষ মুহূর্তে আদালতের নির্দেশে কিছু প্রার্থিতা পুনঃপ্রকাশের কারণে ব্যালটপেপারে নির্দিষ্ট জায়গায় রিপ্রিন্ট করতে হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন এই নির্বাচনে চ্যালেঞ্জ কোথায়। আমরা শুরু থেকেই জানিয়েছি, যে সব অভিযোগ এসেছে তা অপতথ্য। এছাড়া আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত বা আক্রমণাত্মক কনটেন্ট নিয়ন্ত্রণে মেটা কোম্পানির সঙ্গে সমন্বয় করছি।
ইইউ পর্যবেক্ষক ইভারস ইজাবস জানান, আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি, কিন্তু উপদেশ দেওয়ার উদ্দেশ্য নেই। আমাদের লক্ষ্য হলো নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠানো হয়েছে এবং নির্বাচনের দিন আরও পর্যবেক্ষক আসবেন। আমরা চাই ভোটগ্রহণের মাঠে সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হোক।
বিজ্ঞাপন
ইজাবস আরও উল্লেখ করেন, আমরা ৩০০ আসনে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করছি। নির্বাচন যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, সেজন্য আমরা সব পর্যবেক্ষণ চালাচ্ছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নির্ধারিত আছে ১২ ফেব্রুয়ারি। ইসি আশা করছে, মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি এবং পর্যবেক্ষকের তৎপরতা নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।








