এনআইডি সেবায় অবৈধ লেনদেন, চাকরি থেকে বরখাস্ত ইসি কর্মকর্তা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার সময় ৩০০ টাকা ঘুষ গ্রহণ এবং সেই ঘটনা গোপন রাখতে সাংবাদিককে ২৯ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়। ইসি সূত্র জানিয়েছে, এটি ৩ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য।
প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, শুধাংশু কুমার সাহা কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে এক সেবাগ্রহীতার এনআইডি সংশোধনের জন্য অবৈধভাবে ৩০০ টাকা গ্রহণ করেন। সেই সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঘুষ গ্রহণের দৃশ্য ভিডিও ধারণ করেন। ভিডিওটি প্রকাশ রোধ করার জন্য অভিযুক্ত কর্মকর্তা সংশ্লিষ্ট সাংবাদিককে ২৯ হাজার টাকা ঘুষ প্রদানের প্রস্তাব দেন।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর শুধাংশু কুমার সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম। দীর্ঘ তদন্তের পর অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার জবাব সন্তোষজনক ছিল না। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা ৪(৩)(গ) অনুযায়ী ‘চাকরি থেকে অপসারণ’ করা হয়।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই কঠোর ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ এবং কমিশনের জিরো টলারেন্স নীতি-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বরখাস্তের আগে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রংপুরে সংযুক্ত ছিলেন।








