Logo

হাদির হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ‘অনড়’ ইনকিলাব মঞ্চ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২৬
হাদির হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ‘অনড়’ ইনকিলাব মঞ্চ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এই কর্মসূচিতে শহীদ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাত পৌনে ৯টা পর্যন্ত তারা দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তার ভাষায়, সংশ্লিষ্ট সংস্থাগুলো একাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের ব্যস্ততার অজুহাতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত বারবার বিলম্বিত করা হচ্ছে। অথচ যাদের ত্যাগের বিনিময়ে সরকার ও রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে, তাদের হত্যার বিচার নিয়ে কেউই আন্তরিক নয়।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, যদি এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিত না করা হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ সব সময় সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করেছে। তবে হাদি হত্যার বিচার প্রশ্নে বারবার তারা অবহেলার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ এবং শহীদের পরিবার যমুনার সামনে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, যদি এই অসহযোগিতা চলতেই থাকে, তাহলে ইনকিলাব মঞ্চ সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচিতে যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব তখন সরকারের ওপরই বর্তাবে।

বিজ্ঞাপন

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়, অবস্থানস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পোস্টে দাবি করা হয়, আন্দোলনকারীদের ঘিরে রেখে লাঠিসোঁটা হাতে প্রস্তুত অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত হস্তান্তর না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে একচুলও সরব না—প্রয়োজনে জীবন দিলেও।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD