নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে তিনি যান। সেখানে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সেনাপ্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের জন্য স্পষ্ট নির্দেশনা দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। দায়িত্ব পালনের সময় সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, ভদ্র ও সংযত আচরণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা, মাঠপর্যায়ে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় সাভার এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে সারাদেশে সমন্বিত প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে গত ২২ জানুয়ারি থেকে সেনাবাহিনী প্রধান ধারাবাহিকভাবে চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, সিলেট ও সাভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মতবিনিময় করে আসছেন। এসব সফরের মাধ্যমে তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদার ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।








