ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে ঐক্য ও শৃঙ্খলার নির্দেশ আনসার মহাপরিচালকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আয়োজিত এ বর্ণাঢ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মহাপরিচালক তাঁর বক্তব্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সংযোগ ও ঐক্য সুদৃঢ় করা, সম্মিলিত শক্তির কার্যকর প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে যেকোনো অনিয়ম ও আগ্রাসন প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মৌলিক প্রশিক্ষণের আলোকে ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রধান ভিত্তি।
বিজ্ঞাপন
সমাবেশটি একই সময়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রাজশাহী, নওগাঁ ও ময়মনসিংহ জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। এসব জেলার দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা একযোগে মহাপরিচালকের নির্দেশনা গ্রহণ করেন। এই সমন্বিত আয়োজন সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত প্রস্তুতি ও দায়িত্ববোধের মাধ্যমে তা সফলভাবে মোকাবিলা করা সম্ভব। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্যের সম্মিলিত শক্তিই যেকোনো অনিয়ম ও অপচেষ্টার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি উল্লেখ করেন।
১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, জনগণের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই প্রত্যাশা পূরণে আনসার ও ভিডিপি সদস্যরা অতীতের মতোই অটল থাকবে।
বিজ্ঞাপন
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত সরঞ্জামের নিরাপত্তা, নির্ধারিত পোশাক, খাদ্য ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্ব দেন। এতে বাহিনীর গ্রহণযোগ্যতা ও জনআস্থা আরও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশের শেষ পর্যায়ে মহাপরিচালক বলেন, অপশক্তির প্রভাবমুক্ত রেখে জাতিকে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি একটি পবিত্র আমানত। এই প্রস্তুতিমূলক কার্যক্রম ভবিষ্যতেও গণতন্ত্রবান্ধব ও পেশাদার নির্বাচন ব্যবস্থার ভিত আরও শক্ত করবে।
বিজ্ঞাপন








