Logo

নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১
নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। অতীতে নির্বাচনের দিনই ফলাফল প্রকাশ হলেও, এবার ফলাফল নিয়ে বিলম্বের শঙ্কা দেখা দেয়। তবে এ নিয়ে তিন দিনের গুঞ্জন নাকচ করে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের পরদিন শুক্রবারের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে যেসব শঙ্কা ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আমরা একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

বিজ্ঞাপন

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোভাবেই তিন দিন লাগবে না। শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল দেওয়া সম্ভব হবে। আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল দ্রুত সংগ্রহ করা যাবে। তবে দুর্গম কিছু এলাকায় সামান্য দেরি হতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য নিয়োজিত থাকবেন। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা অবস্থার অনেক উন্নতি হয়েছে। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।

বিজ্ঞাপন

নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। এ ছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ কাজ করবে বলেও জানান তিনি।

জেবি/এসডি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD