৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা, নিয়োগের সুপারিশ পেল ১৪৫৭ জন

৪৬তম বিসিএস পরীক্ষা–২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল জানানো হয়।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের জন্য ঘোষিত ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ফলাফলে দেখা যায়, সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কারিগরি ও পেশাদার ক্যাডারগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশ পেয়েছেন। স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) বড় অংশ মনোনীত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে বিভিন্ন বিভাগে ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
পিএসসি জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ অনুসারে এই সুপারিশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত হলেও এটি চাকরি পাওয়ার চূড়ান্ত নিশ্চয়তা নয়। স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।
বিসিএসের বিস্তারিত ফলাফল পিএসসির নির্ধারিত ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) দেখা যাবে।








