ভোটের আগের দিন দূরপাল্লার বাস চলবে: মালিক সমিতি

আসন্ন জাতীয় নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ রুটে বাস সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
পরিবহন খাতে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের দিন বাস চলাচলের ওপর কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও বাস্তবতায় চালক ও সহকারীদের বড় একটি অংশ ভোট দিতে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। ফলে প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক পরিবহন মালিক বাস নামাতে অনিচ্ছুক।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ১১ ফেব্রুয়ারি দূরপাল্লার বাস চলাচল করবে। তবে ওই দিনের জন্য এখনো টিকিটের চাহিদা খুব বেশি নয়। বরং ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের চাপ বেশি দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
ভোটের দিনের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু বেশিরভাগ চালক ও সহকারী ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন। আমরা তাদের ছুটি না দিয়ে জোর করতে পারি না। তবে ভোটগ্রহণ শেষ হলে রাতে কিছু সার্ভিস আবার চালু হতে পারে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, যা মোট ৭২ ঘণ্টা কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র পরিবহন এবং চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা কার্যকর বা শিথিল করার ক্ষমতা রাখবেন।
ভোটকে ঘিরে পরিবহন ব্যবস্থায় এই পরিবর্তনের কারণে যাত্রীদের আগেভাগে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।








