নিজেকে ভোট দিতে পারবে না নির্বাচনে অংশ নেওয়া ৩ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে একটি ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী নিজেদের নির্বাচনি এলাকায় ভোটার না হওয়ায় নিজ আসনে নিজের ভোট দিতে পারবেন না। ফলে তারা যে আসনে প্রার্থী হয়েছেন, সেখানে নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকছে না।
বিজ্ঞাপন
নির্বাচনি হলফনামা ও ভোটার তালিকার তথ্য অনুযায়ী, সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন। অন্যদিকে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীও একই পরিস্থিতিতে পড়েছেন।
ট্রাক প্রতীকে নির্বাচন করা গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের ভোটার তালিকাভুক্ত ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। অর্থাৎ তিনি সিলেট-১ আসনের ভোটার নন।
আরও পড়ুন: গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন
একই আসনে কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের ভোটার নিবন্ধন রয়েছে সুনামগঞ্জ জেলায়। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোটার এবং তার ভোটকেন্দ্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, জামতলা, সুনামগঞ্জে।
লাঙ্গল প্রতীকে সিলেট-২ আসনে লড়ছেন জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। তার ভোটার ঠিকানা সিলেট সিটি করপোরেশনের মজুমদারি এলাকায়। ভোটকেন্দ্র নির্ধারিত হয়েছে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে। ফলে তিনি যে আসনে প্রার্থী, সে আসনে তার ভোট নেই।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পিংকি সাহা গণমাধ্যমকে জানান, একজন ভোটারকে তার নিবন্ধিত কেন্দ্রে গিয়েই ভোট দিতে হয়। কোনো প্রার্থী যদি নিজের নির্বাচনি এলাকার ভোটার না হন, তবে নির্ধারিত সময়ে আবেদন করলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকে।
বিজ্ঞাপন
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন, তার ভোট সুনামগঞ্জে হলেও তিনি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি। নির্বাচনের দিন সিলেট-১ আসনে ব্যস্ত থাকার কারণে সুনামগঞ্জে গিয়ে ভোট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না বলেও জানান তিনি।
অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী জানান, তার ভোট সিলেট সিটি করপোরেশন এলাকায়। পোস্টাল ভোটের জন্য আবেদন না করলেও সময় সুযোগ হলে নির্বাচনের দিন সিটি করপোরেশনের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করবেন।
বিজ্ঞাপন
নির্বাচনি আইন অনুযায়ী, একজন ব্যক্তি কেবল তার নিবন্ধিত কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রার্থী হওয়ার সঙ্গে ভোটার হওয়ার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত নয়। ফলে নির্বাচনে অংশ নিলেও সংশ্লিষ্ট আসনে ভোটার না হলে নিজেকে ভোট দেওয়ার সুযোগ থাকে না—যা এবার সিলেটের এই তিন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে।








