৫ কোটি টাকা বহন করা যাবে বলিনি, আমাকে মিসকোট করা হয়েছে: ইসি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘৫ কোটি টাকা বহন’ সংক্রান্ত বিতর্কের পর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ তার অবস্থান স্পষ্ট করেছেন। বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং তিনি কখনোই এমন অনুমতির কথা বলেননি।
বিজ্ঞাপন
ইসি সচিব জানান, “দুর্ভাগ্যজনকভাবে আমাকে এমনভাবে কোট করা হয়েছে, যেন আমি বলেছি পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়া সম্ভব। আমি কখনো এমন কিছু বলিনি। এটা আমার ক্ষমতার মধ্যে নেই। এই ধরনের মিসকোট নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্ত করে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমাকে একটি অর্থের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছি, যারা বিষয়টি ইন্টারসেপ্ট করেছে, তারা সোর্স, অ্যামাউন্ট এবং উদ্দেশ্য অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এটাকে মিসকোট করা হয়েছে, যা আমার জন্য অপমানজনক। আমি এর প্রতি ক্ষুব্ধ এবং আমার প্রতিক্রিয়া জানাচ্ছি। অনুগ্রহ করে এ ধরনের অপতথ্য প্রকাশ বন্ধ করুন।”
বিজ্ঞাপন
আইনগত দিক থেকে টাকা বহনের বিষয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, “আইনের ব্যাখ্যা দেওয়ার অধিকার আমার নেই। যারা বিষয়টি নিয়ন্ত্রণ করছে, তারা বিষয়টি আইন অনুযায়ী ব্যাখ্যা করবে। আমি কেন এমন ব্যাখ্যা দেব?”
ব্রিফিংয়ে তিনি পুনরায় অনুরোধ করেন, “দয়া করে অপতথ্য দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। কিছু বিষয় ক্রস-চেক করা সম্ভব ছিল। আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে, অনুগ্রহ করে আর করবেন না।”
বিজ্ঞাপন
এর আগে বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ আটক করে। এ ঘটনায় নির্বাচনের সময় টাকা বহনের সীমা নিয়ে আলোচনা শুরু হয়।








