Logo

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৪
বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর প্রসঙ্গ টানেন। সেখানে মহিউদ্দিন রনি, নাসিরউদ্দীন পাটোয়ারী ও হাবিবুর রশিদ হাবিবের নাম উল্লেখ করে বলেন, তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে নির্বাচন করছেন—একজন স্বতন্ত্র, একজন এনসিপির এবং একজন বিএনপির প্রার্থী।

জাবের লেখেন, ১২ তারিখের নির্বাচনে তারা জয়ী হবেন কি না, তা জানা নেই। তবে একটি বিষয়ে তারা একসঙ্গে সোচ্চার ছিলেন—হাদি হত্যার বিচার দাবি। তার ভাষ্য, নির্বাচনী কৌশল হোক বা ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যেই হোক, তারা প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চ সরাসরি কারও জন্য ভোট চায় না। ভোটাররা নিজেদের বিবেচনায় যাকে সৎ ও যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন। তবে যারা হাদি হত্যার বিচার ও ন্যায়বিচারের দাবিতে দৃঢ় অবস্থান নেবেন, তাদের প্রতি সংগঠনের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে বলে জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ প্রজন্ম দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD