Logo

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৮
তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা পৃথকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

বিজ্ঞাপন

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া প্রার্থীরা হলেন— সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গণমাধ্যমকে জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনার পর ওই চার স্বতন্ত্র প্রার্থী তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। সমর্থনের অংশ হিসেবেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা তারা নিজেরাই দেবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ঘোষণার সময় উপস্থিত ছিলেন দুই স্বতন্ত্র প্রার্থী—এসএম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ। তারা প্রকাশ্যে তারেক রহমানের প্রতি সমর্থন ব্যক্ত করে ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

অন্যদিকে, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন সরাসরি উপস্থিত না থাকলেও মুঠোফোনে তাদের সমর্থনের কথা জানিয়েছেন বলে আবদুস সালাম গণমাধ্যমকে অবহিত করেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন সমর্থন ঘোষণা সংশ্লিষ্ট আসনে ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে একাধিক স্বতন্ত্র প্রার্থীর একযোগে সরে দাঁড়ানো প্রতিদ্বন্দ্বিতার চিত্র বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD