Logo

রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ: অগ্নিপরীক্ষায় নির্বাচন কমিশনর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৪
রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ: অগ্নিপরীক্ষায় নির্বাচন কমিশনর
ছবি এআই।

২০ দিনের প্রস্তুতি ও প্রচার-প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। রাত পেরোলেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ সময় পর দেশে আয়োজন হতে যাচ্ছে একটি উৎসবমুখর নির্বাচন।

বিজ্ঞাপন

গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নিচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন দুটি জোট। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘জুলাই জাতীয় সনদ’-এর বৈধতা নিশ্চিত করতে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। ২০২৪-পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে এ গণভোটকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গণতন্ত্রে প্রত্যাবর্তন, রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে প্রধান জোটগুলো।

বিজ্ঞাপন

ভোটের আগ পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি অনেকটাই শান্ত থাকলেও নির্বাচন ঘিরে শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে নিষিদ্ধ ও নির্বাচনের বাইরে থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে নাশকতার আশঙ্কার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। গোয়েন্দা তথ্যেও এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে জানা যায়।

গত বছর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিলে শুরু হয় নানা আলোচনা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে ভোট আয়োজন করতে পারবে কি না— তা নিয়েও সংশয় ছিল। তবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কমিশন নির্বাচন আয়োজনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এবার বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। তবুও কমিশন আশা করছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে।

এবারের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দুই হাজারের বেশি, যার মধ্যে প্রায় পৌনে তিনশ’ স্বতন্ত্র প্রার্থী। তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি লঙ্ঘনের সাড়ে তিন শতাধিক অভিযোগ পেয়েছে কমিশন, যার প্রায় অর্ধেক কর্মকর্তাদের বিরুদ্ধে।

স্থানীয় পর্যায়ে সাড়ে চারশ’ অভিযোগে প্রায় ৩২ লাখ টাকা জরিমানা এবং ২১২টি মামলা হয়েছে। বিচারিক অনুসন্ধান কমিটিতে আসা ২৩৭টি অভিযোগ আইনগতভাবে নিষ্পত্তি বা সতর্কতার মাধ্যমে সমাধান করা হয়েছে।

বিজ্ঞাপন

ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন আট লাখের বেশি কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৯ লাখেরও বেশি সদস্য। সব প্রস্তুতি শেষে এখন কেবল ভোটের অপেক্ষা।

জেবি/জেএইচআর/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD