Logo

ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৯
ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীর ঢাকা-৫ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও বেশ কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়ার গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। অনেক কেন্দ্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, বুথের সামনে ভোটারদের লম্বা সারি থাকলেও ভোটগ্রহণের অগ্রগতি তুলনামূলকভাবে ধীর। একাধিক ভোটার অভিযোগ করেন, কিছু বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খুব ধীরে কাজ করায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। তবে প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

ডেমরা এলাকার হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে মোট চারটি ভোটকেন্দ্র রয়েছে—এর মধ্যে দুটি পুরুষ ও দুটি নারী ভোটারদের জন্য নির্ধারিত। এই চারটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৮৩ জন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ভোট দিয়েছেন ২ হাজার ৭১০ জন, যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ।

বিজ্ঞাপন

দুপুরে দেখা যায়, এখনো উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছেন।

ভোট দিতে আসা ষাটোর্ধ্ব মো. আব্দুর রহমান বলেন, তিনি স্ত্রীসহ ভোট দিতে এসেছেন। নিজের ভোট দিতে বেশ সময় লেগেছে এবং স্ত্রীকে ভোট দিতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তার অভিযোগ, ভোটগ্রহণের গতি অত্যন্ত ধীর।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, দ্রুত ভোটগ্রহণ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটারের চাপ বেশি থাকায় কর্মকর্তারা ক্লান্ত হলেও প্রয়োজন অনুযায়ী তিনি নিজেও সহায়তা করছেন বলে জানান।

এদিকে উত্তর যাত্রাবাড়ীর মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৫৫ জন। শুধুমাত্র পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত এই কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৭০০ জন ভোট দিয়েছেন। ভবনের নিচে রোদের মধ্যে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। এখানেও ভোটারদের কাছ থেকে ধীরগতির অভিযোগ শোনা যায়।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এবিএম মুস্তাফিজুর রহমান জানান, ছয়টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে এবং প্রতিটি বুথের কর্মকর্তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। কেউ কাজ ফেলে বসে নেই বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।

ঢাকা-৫ আসনে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিন প্রার্থীর মধ্যে— বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপির মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী মো. ইবরাহীম (হাতপাখা)।

বিজ্ঞাপন

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কাস্তে, ট্রাক, লাঙ্গল, আনারস, ছড়ি, কাচি, ছাতা ও ডাব প্রতীকধারী প্রার্থীরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD