আজ শপথ নেবে নতুন সরকার : মন্ত্রী হিসেবে ডাক পেলেন ২৫ জন

ক্ষমতাসীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ২৫ জন নেতা। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
বিজ্ঞাপন
সরকারি সূত্রে জানা গেছে, এবার মোট ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। এর মধ্যে পূর্ণমন্ত্রীর সংখ্যা ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আরও ২৪ জন। এর মধ্য দিয়ে নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিতে যাচ্ছেন তারা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে ডি এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি টেকনোক্র্যাট সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শপথ গ্রহণের পরপরই মন্ত্রণালয় বণ্টন ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। নতুন সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম দ্রুত শুরু করতে এ শপথ অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।






