আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
বিজ্ঞাপন
তথ্য মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব টেলিভিশন ও বেতারসহ সম্প্রচার মাধ্যমকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সৌজন্যে ভাষণটি সরাসরি প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নতুন সরকারের কার্যক্রম, নীতিগত অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর এ ভাষণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল সম্পর্কেও তিনি বক্তব্য রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।








