সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন রমজানকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের ব্রিফ করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মন্ত্রীদের স্মরণ করিয়ে দিয়েছেন—সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্তদের প্রভাবমুক্ত থেকে কাজ করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, সেহরি-ইফতার-তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি দ্রুত নিশ্চিত করার দিকনির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের উপায় খোঁজা হচ্ছে।
শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। অতীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময়ে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। তবে পরবর্তী সময়ে নানা কারণে কিছু বাজারে স্থবিরতা এসেছে। এসব বাজার পুনরায় উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে বলেও তিনি মত দেন।
বিজ্ঞাপন
এ ছাড়া আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নেওয়ার কথাও বৈঠকে জানানো হয়েছে।








