Logo

আজ থেকে অফিস-আদালত ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০
আজ থেকে অফিস-আদালত ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় এনে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী রমজানে ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বিকেল ৪টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম সচল রাখা যাবে।

বিজ্ঞাপন

রমজান মাসে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের অফিসিয়াল কাজ চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আদালত অঙ্গনেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি কার্যকর থাকবে।

এদিকে ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজস্ব আইন অনুযায়ী পৃথক সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD