Logo

চলতি রমজানেই হবে ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৮
চলতি রমজানেই হবে ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন চলতি রমজান মাসে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই এ নির্বাচনের তফশিল প্রকাশ করা হতে পারে।

বিজ্ঞাপন

এবার প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৫টি, জামায়াত ১১টি এবং এনসিপি একটি আসন পাবে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন রোজার মধ্যে আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ঈদের আগেই নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সে অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। প্রতি ছয়জন সাধারণ আসনের বিপরীতে একটি নারী আসন পাওয়ার সুযোগ থাকে। স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে নারী আসন পান না, তবে জোট করে আবেদন করলে পেতে পারেন।

এই সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। এছাড়া খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন পেয়েছে একটি করে আসন। ৪১টি দল কোনো আসন পায়নি।

আইনের প্রক্রিয়া অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের সংখ্যা গণনা করা হয়। গত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিএনপি ৩৫টি, জামায়াত ১১টি, স্বতন্ত্র প্রার্থী ১টি এবং জাতীয় নাগরিক পার্টি ১টি সংরক্ষিত নারী আসন পাবে।

বিজ্ঞাপন

এদিকে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন, ঢাকা উত্তরের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ২ জুন এবং চট্টগ্রামের মেয়াদ শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, মেয়াদ পূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাইয়ে অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের কারণে ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

এভাবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজানেই সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনটি বড় সিটি করপোরেশনের ভোটও আয়োজনের পথে এগোতে যাচ্ছে, যা দেশের স্থানীয় সরকার নির্বাচনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি হিসেবে গণ্য করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD