দক্ষিণাঞ্চল ঘিরে বড় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি বরিশাল সফরে এসে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অবকাঠামো, জ্বালানি ও পর্যটন খাতে একাধিক উদ্যোগের আভাস দেন।
বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। সেখানে দক্ষিণাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন এখন সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। বিশেষ করে নৌবন্দরগুলোকে রাজধানীর সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। পায়রা বন্দরের সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত ঢাকা–বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু করার কথা উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তথ্যমন্ত্রী আরও বলেন, ভোলা জেলায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্র এই অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কীভাবে এই গ্যাস উত্তোলন করে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা যায়, সে বিষয়ে পরিকল্পনা প্রণয়ন চলছে। ভোলা–বরিশাল সেতু নির্মাণ এবং গ্যাস লাইন নেটওয়ার্ক সম্প্রসারণ—এই দুটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পর্যটন খাত নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। কুয়াকাটা সমুদ্রসৈকতকে আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে সরাসরি বিমান চলাচলের সুযোগ সৃষ্টি করা গেলে বিদেশি পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে। এতে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, এ অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজগুলো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। খুব শিগগিরই এ কর্মপরিকল্পনার বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে বলে আশ্বাস দেন তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








