আনসার একাডেমিতে ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ এই পতাকা স্তম্ভ উদ্বোধন করেন। ১২০ ফুট উচ্চতার এই স্তম্ভে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, আজ মহান ভাষা শহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ আব্দুল জব্বার আমাদের বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তার মহান আত্মত্যাগ প্রতিটি আনসার-ভিডিপি সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং আত্মত্যাগে অনুপ্রাণিত করে।
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, চির উন্নত বিজয় নিশান আমাদের গৌরবময় ইতিহাস এবং দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার।
মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পতাকা উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের আত্মমর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের শিক্ষা দেয়।
বিজ্ঞাপন
তিনি আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই চেতনাকে ধারণ করে দায়িত্ব পালন করতে হবে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সততার সঙ্গে।
এই উচ্চতম পতাকা স্তম্ভ দেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আনসার-ভিডিপি বাহিনীর সদস্যদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্য হিসেবে কাজ করবে।








