রমজানেই শুরু হচ্ছে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদভিত্তিক ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। পবিত্র রমজান মাসেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সরকার।
বিজ্ঞাপন
সরকারি সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই ভাতা প্রদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তা সারাদেশে বিস্তৃত করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানী ভাতা প্রদান। সরকার গঠনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপদেষ্টা মাহদী আমিন আরও জানান, প্রাথমিকভাবে কিছু এলাকায় এ কর্মসূচি চালু করে বাস্তব অভিজ্ঞতা যাচাই করা হবে। এরপর ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এটি সম্প্রসারণ করা হবে।
বিজ্ঞাপন
সম্মানী ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।
সরকারের এ উদ্যোগকে ধর্মীয় নেতাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে ভাতার কাঠামো, অর্থের উৎস ও বিতরণ পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশনা আসার পরই বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








