দুর্নীতিতে জড়িত থাকার সুযোগ থাকবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের ভবিষ্যত গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে এবং মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তরে কোনো রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোনো বিভাগে তার বা অন্য কারো দুর্নীতিতে জড়িত থাকার সুযোগ থাকবে না, এমনকি কেউ অন্যকে দুর্নীতি করতে দেওয়াও হবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্বও তুলে ধরেন।
বিজ্ঞাপন
ববি হাজ্জাজ বলেন, ভাষা মানুষের সবচেয়ে ব্যক্তিগত ও মৌলিক অধিকার। ইতিহাস প্রমাণ করেছে যে, অধিকার আদায়ে ত্যাগ ও সংগ্রাম ছাড়া কোনো জাতি সফল হতে পারেনি। সাম্প্রতিক সময়েও দেশের জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলন করেছেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশে দীর্ঘ সময় পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পেয়েছেন—এটাই বড় প্রাপ্তি। শিক্ষা হলো রাষ্ট্রগঠনের ভিত্তি। ভিত্তি দুর্বল হলে উঁচু ভবন দাঁড় করানো যায় না। তাই শিক্ষার অবকাঠামো মজবুত করাই সবার দায়িত্ব।
তিনি শিক্ষার মানোন্নয়নের তিনটি প্রধান বিষয় হিসেবে উল্লেখ করেন—‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’। পাঠ্যক্রম উন্নত করতে হবে, শ্রেণিকক্ষে কার্যকরভাবে পাঠদান নিশ্চিত করতে হবে এবং সারা দেশে শিক্ষার মানে সামঞ্জস্য থাকতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি শিক্ষা ও বিভিন্ন ধারার মাদ্রাসা রয়েছে। এসবের মধ্যে মানগত সমন্বয় জরুরি।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী ভাষা শিক্ষার গুরুত্বও উল্লেখ করে বলেন, জ্ঞান ভাষার মধ্যেই গঠিত ও প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষায় ভাষা ও গণিতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে দুর্বলতা থাকলে শিক্ষার ভিত্তি শক্ত হয় না। প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনার জন্য টাস্কফোর্স গঠন করা হবে। তৃতীয় ভাষা শিক্ষা ধাপে ধাপে চালু হবে, তবে ইংরেজি শেখানোর আগে বাংলা ভাষায় দক্ষতা নিশ্চিত করা জরুরি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। আমরা নিজেদের জড়াবো না, অন্যদের ক্ষেত্রেও কঠোর নজরদারি থাকবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতেই হবে। দুর্নীতিমুক্ত, মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।








